১০ মাসে করোনায় মৃত্যু ৫০০০, আত্মহত্যা ১১০০০

করোনা মহামারির মাঝেই ব্যাপক সংক্রমণ ও প্রাণহানির সময়গুলোতেও দেশে আত্মহত্যা কিংবা হৃদরোগের মৃত্যু কমেনি। এ পর্যন্ত দেশে করোনায় ৮,৩২৯ জনের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা যে সময়ে ৫ হাজার ২০০ জন ছিল, ঠিক ওই সময়ে আত্মহত্যা করেই মারা গেছেন প্রায় ১১ হাজার জন। আর হৃদরোগে মৃত্যু হয়েছে ১ লাখ ৮০ হাজার মানুষের।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ভবনে, ‘স্টেকহোল্ডার (মিডিয়া) কনসালটেশন ওয়ার্কশপ’ শীর্ষক এক সেমিনারে এ তথ্য জানিয়েছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী।
ইয়ামিন চৌধুরী বলেন, আমাদের ধারণা, করোনার সময় অন্যান্য অসুস্থতায় মানুষ কম মারা গেছে। করোনায় মানুষ মারা যাচ্ছে এবং অন্যান্য অসুখে কম মারা যাচ্ছে। কিন্তু ওই সময় মানুষ ডাক্তারের কাছেও কম গিয়েছে। করোনার সময় প্রায় আড়াই মাস আমি ফিল্ডে ছিলাম। ওখানে এমনই পারসেপশন ছিল সবার মধ্যে।
আমাদের নতুন যে সার্ভেগুলো আছে, সেগুলো থেকে তথ্য নিয়ে দেখলাম, আসলে আমাদের ধারণা সঠিক নয়’- বলেন তিনি।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের এই সচিব আরও বলেন, ‘আগের বছরের ১০ মাস এবং এই অর্থ বছরের ১০ মাস নিয়ে স্টাডি করেছিলাম। সেখানে দেখা গেছে, ১০ মাসে করোনায় ৫ হাজার ২০০ জনের মতো লোক মারা গেছেন। কিন্তু করোনার এই সময়ে শুধু হার্ট-অ্যাটাকে ও হার্ট ফেইলিওর বা হার্টের অসুখেই প্রায় ১ লাখ ৮০ হাজার মানুষের মৃত্যু হয়েছে।’
তিনি বলেন, ‘একই সময়ে করোনায় যত মানুষ মারা গেছেন তারচেয়ে বেশি মারা গেছেন আত্মহত্যায়। ওই ১০ মাসে আত্মহত্যায় প্রায় ১১ হাজার মানুষের মৃত্যু হয়েছে।’
‘অথচ আমরা শুধু করোনার পেছনেই দৌড়েছি। কিন্তু আমাদের অন্যান্য বিষয়েও যে ইন্টারফেয়ার দরকার, করোনার জন্য হয়তো সেগুলোতে গুরুত্ব দিচ্ছি না। সেসব ক্ষেত্রে আমরা যদি গুরুত্ব না দিই, তাহলে কিন্তু আমাদের অন্যান্য রোগী বেড়ে যাবে।



