ডিসেম্বরের মধ্যে ইউপি নির্বাচন: ইসি সচিব

আগামী ডিসেম্বর মাসের মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপনির্বাচন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. হুমায়ুন কবির খোন্দকার।
সোমবার ২৩ আগস্ট, রাজধানীর নির্বাচন ভবনে ৮৪তম কমিশন বৈঠক শেষে তিনি এ কথা জানান।
সচিব জানান, কমিশন সভায় আগামী ডিসেম্বরের মধ্যে চার হাজারের মতো ইউনিয়ন পরিষদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, পৌরসভা, কমিল্লা-৭ শূন্য আসনে উপনির্বাচন, জেলা পরিষদসহ অন্যান্য নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কমিশন সভায় কোনটার নির্বাচন কবে দেয়া হবে সেই বিষয়ে আলোচনা করা হবে।
গত ৩ মার্চ প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা করা হয়েছিল। ঘোষিত তফসিল অনুযায়ী ভোট হওয়ার কথা ছিল ১১ এপ্রিল। করোনাভাইরাস পরিস্থিতির কারণে ভোট স্থগিত করা হয়। পরে গত ৩ জুন ভোটের তারিখ পুনর্নির্ধারণ করে ২১ জুন করা হয়। সীমান্তবর্তী এলাকায় করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৬৭টি ইউপির ভোট স্থগিত করা হয়। তবে ২১ জুন বাকি ২০৪টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সচিব আরো জানান, আগামী ৪ সেপ্টেম্বর সিলেট-৩ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আর যেহেতু ভোটের মাত্র দু’দিন আগে এটি বন্ধ করা হয়েছিল। তাই আগামী ১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ২ সেপ্টেম্বর সকাল ৮টার আগ পর্যন্ত একদিন প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন।



