ডিআইজি বজলুর রশীদের সম্পত্তি ক্রোকের নির্দেশ

কারা অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক (ডিআইজি-প্রিজনস) বজলুর রশীদের সম্পত্তি ক্রোক ও দুইটি ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে, প্রায় সোয়া তিন কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা রয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ-৫-এর বিচারক ইকবাল হোসেন এ আদেশ দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। বজলুর রশীদকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল তার বিরুদ্ধে অভিযোগ গঠন করতে শুনানি করেন।
অপরদিকে তার আইনজীবীরা অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। পরে আদালত সময়ের আবেদন মঞ্জুর করেন।এর আগে গত ২৬ আগস্ট আদালতে এই অভিযোগপত্রটি (চার্জশিট) দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক নাসির উদ্দিন।
গত বছরের ২০ অক্টোবর সেগুন বাগিচা এলাকা থেকে বজলুর রশীদকে গ্রেফতার করে দুদক।



