স্পোর্টেইনমেন্ট

টি-টোয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ

হারারেতে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি হাসলো বাংলাদেশ।

১৯৪ রানের লক্ষ্য তাড়া করে পেরিয়ে গেছে ৫ উইকেট আর ৪ বল হাতে রেখে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে।

শামীম হোসেনের ঝড়ো ইনিংসে দুর্দান্ত জয় তুলে নেয় টাইগাররা। সেই সঙ্গে টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও জিতে নেয় সফরকারীরা।

শুরুতে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯৩ রানের বিশাল সংগ্রহ পায় জিম্বাবুয়ে।

জবাবে ৪ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। টি-টোয়েন্টিতে টাইগারদের এটি দ্বিতীয় সর্বোচ্চ এবং জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ রান তাড়ায় জয়।

ফলে সফরে তিনটি ট্রফির সবগুলোই পেল বাংলাদেশ।

রান তাড়ায় নেমে দলীয় ২০ রানের মাথায় ওপেনার নাঈম শেখ সাজঘরে ফেরেন ৩ রান করে। ১৪ বলে ১ চার ২ ছক্কায় ২৫ রানের ছোট ক্যামিও খেলে সাজঘরে ফেরেন সাকিব।

সৌম্য ৪৯ বলে ৯ চার ও ১ ছক্কায় খেলেন ৬৮ রানের দারুণ এক ইনিংস। রিয়াদের সঙ্গে গড়েন ৩৫ বলে ৬৩ রানের জুটি।

আফিফ হোসেন শুরুটাই করেছিলেন ছক্কা দিয়ে। তবে ৫ বলে ২ ছক্কায় ১৪ রানের ঝড় তুলে বোল্ড হয়ে যান এই বাঁহাতি। ১৫০ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।

সেখান থেকে ৩ ওভারে ৩৭ রান তুলেন মাহমুদউল্লাহ আর শামীম হোসেন পাটোয়ারী। খেলা তখন অনেকটাই হাতে চলে এসেছে টাইগারদের। ৯ বলে দরকার ৭। এমন সময়ে আউট হয়ে যান মাহমুদউল্লাহ (২৮ বলে ২ চার আর ১ ছক্কায় ৩৪)।

শামীম পাটোয়ারী দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। টানা দ্বিতীয় ম্যাচে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন তরুণ এই ব্যাটসম্যান। ১৫ বলে ৬ বাউন্ডারিতে ৩০ রানে অপরাজিত থাকেন তিনি।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় জিম্বাবুয়ে।

ওপেনার ওয়েসলে মাধেভেরের ৫৪, রেগিস চাকাভার ৪৮, তিদওয়ানশে মারুমানির ২৭, ডিওন মায়ার্সের ২৩ ও শেষদিকে রায়ান বার্লের অপরাজিত ৩১ রানে ভর করে ১৯৩ রান তুলেছে দলটি। যা টি-টোয়েন্টি ক্রিকেটে জিম্বাবুয়ের দ্বিতীয় সর্বোচ্চ রান।

বল হাতে সবচেয়ে সফল ছিলেন পার্টটাইমার সৌম্য সরকার। ৩ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। শরিফুল ইসলাম ৪ ওভারে ২৭ আর সাকিব সমান ওভারে ২৪ রান দিয়ে নেন একটি করে উইকেট। সাইফউদ্দিন এক উইকেট পেলেও দেন ৫০ রান।

Related Articles

Leave a Reply

Back to top button