টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব

শ্রীলঙ্কান কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাকে পেছনে ফেলে বিশ্ব রেকর্ড নিজের দখলে নিয়ে নিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
রবিবার ১৭ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে দু’টি উইকেট শিকারের মধ্যদিয়ে এই অনন্য রেকর্ডের মালিক হলেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০৮তম উইকেটের দেখা পেতে সাকিব খেলেছেন ৮৯ ম্যাচ। অন্যদিকে মালিঙ্গা ১০৭ উইকেট নিতে খেলেছেন ৮৩ ম্যাচ। তালিকার তিনে আছেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি (৯৯ উইকেট)।
চারে থাকা পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদির নামের পাশে আছে ৯৮ উইকেট। এরপরের স্থানগুলোতে আছেন যথাক্রমে- রশিদ খান (৯৫), উমর গুল (৮৫), সাঈদ আজমল (৮৫) এবং মোস্তাফিজুর রহমান (৭৬)।
এছাড়া বর্তমানে, আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের মোট উইকেট সংখ্যা ৬০০। ক্রিকেট ইতিহাসে তিনিই একমাত্র ক্রিকেটার যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ উইকেট শিকারের পাশাপাশি করেছেন ১২ হাজার রান।



