অন্য খবর

টিকার দ্বিতীয় ডোজের ৪ মাস পরেই বুস্টার: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার ৪ মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে।

বুধবার (১৬ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ উদযাপন উপলক্ষে মিডিয়া ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা সফলভাবে টিকা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। করোনাকালীন সময়ে যখন সব সেবা বন্ধ ছিল, আমরা আমাদের হাসপাতালগুলোতে সব সেবা কার্যক্রম চালিয়েছি। করোনার পাশাপাশি নন-কোভিড রোগীদেরও সেবা দিয়েছি। এখন করোনা সংক্রমণ কমে এসেছে, এখনো আমরা একসঙ্গে দুটি সেবাই চালিয়ে যাচ্ছি।

তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বিশেষ ক্যাম্পেইন হাতে নিয়েছে সরকার। প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ মিলে ১৭ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশে মোট ৩ কোটি ২৫ লাখ মানুষকে করোনা টিকা দেবে স্বাস্থ্য অধিদপ্তর।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলে দেশে ১২ বছরের কম বয়সী শিশুদের টিকা দেওয়া শুরু হবে বলেও জানান জাহিদ মালেক।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম, অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন ) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা প্রমুখ।

Related Articles

Leave a Reply

Back to top button