টায়ার জ্বালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নরেন্দ্র মোদীর সফরকে ঘিরে সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় ডাকা হরতাল পালনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়েছে হেফাজতের নেতাকর্মীরা। ফজরের নামাজের পর থেকে রাস্তায় টায়ার জ্বালিয়ে শিমরাইল, মৌচাক ও সাইনবোর্ড এলাকায় অবস্থান নেন নেতাকর্মীরা।
পূর্ব ঘোষণা অনুযায়ী ফজরের নামাজের পর থেকে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় হেফাজতের নেতাকর্মীরা। এ সময় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল করে। এতে রবিবার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি বশির উল্লাহ সকাল ৮টায় প্রশাসনের উদ্দেশ্যে বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে আমাদের হরতাল কর্মসূচি পালন করতেছি। আপনারা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিতে আসবেন না। বাধা দিলে পরিণতি ভয়াবহ হবে।’



