প্রধানমন্ত্রীর নথি জালিয়াতি: ছাত্রলীগ নেতার দায় স্বীকার

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নথি জালিয়াতির অভিযোগে গ্রেফতার ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি (বহিষ্কৃত) তরিকুল ইসলাম মুমিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শুক্রবার (১৫ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইয়াসমিন আরার আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় তিনি ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
শুক্রবার (১৫ মে) দুই দফা রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। তিনি সেচ্চায় ঘটনার দায় স্বীকার করতে সম্মত হওয়ায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক (ভারপ্রাপ্ত) শামীম উর রশিদ। আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম ইয়াসমিন আরা তার ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ৮ মে মুমিনসহ ৩ জনের ৪ দিন করে রিমান্ডের আদেশ দিয়েছিলেন আদালত। এর পর আবারও তাদের ২ দিনের রিমান্ডে পাঠানো হয়। শুক্রবার রিমান্ড শেষে মুমিনকে আদালতে হাজির করা হয়।
এদিকে একই মামলায় রিমান্ড চলাকালে দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ ও বিনিয়োগ বোর্ডের কর্মচারী নাজিমউদ্দিন। একইসঙ্গে গ্রেফতারের পর দোষ স্বীকার করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিস সহকারী ফাতেমা। তিনি জবানবন্দি দিয়েছেন এবং কারাগারে আটক আছেন।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ৫ মে তরিকুল, ফাতেমা ও ফরহাদকে আসামি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৭ মোহাম্মদ রফিকুল আলম বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় তরিকুলকে ভোলা থেকে গ্রেফতার করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নথি জালিয়াতির ঘটনায় তাকে ছাত্রলীগ থেকে স্থায়ী বহিষ্কার করা হয়।



