বাংলাদেশ

সাবরিনা–আরিফকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ আজ

করোনার নমুনা পরীক্ষায় জালিয়াতির মামলায় গ্রেফতার জেকেজি হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফুল হক চৌধুরীকে বুধবার চার দিনের রিমান্ডে নিয়েছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)। একই মামলায় ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান আরিফুলের স্ত্রী সাবরিনা চৌধুরীও গতকাল ডিবি কার্যালয়ে রিমান্ডের দ্বিতীয় দিন অতিবাহিত করেছেন।

কারাগারে আটক আরিফুলকে গত মঙ্গলবার ডিবি সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠায়। শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপরই গতকাল সন্ধ্যায় ডিবি পুলিশ আরিফুল হককে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

মামলার তদন্ত–সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, গ্রেফতারের পর আরিফুল হক চৌধুরী প্রতারণার জন্য তার স্ত্রী সাবরিনা আরিফ চৌধুরীসহ প্রতিষ্ঠানের চারজনকে দায়ী করেন। আর সাবরিনা সব জালিয়াতির জন্য তার স্বামীকে দুষছেন।

মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির তেজগাঁও বিভাগের উপকমিশনার গোলাম মোস্তফা গতকাল বলেন, সাবরিনা প্রতারণার জন্য তার স্বামী আরিফুলকে দায়ী করে অনেক তথ্য দিয়েছেন। আবার সাবরিনা তার স্বামীকে দায়ী করছেন।

এজন্য সাবরিনার সঙ্গে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করতেই আরিফুলকে রিমান্ডে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার স্বামী-স্ত্রীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button