বাংলাদেশবিশ্ব

হাসিনা-মোদির ভার্চুয়াল সভা ডিসেম্বর

আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চুয়াল সভা । পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন একথা জানান।

ড. মোমেন সোমবার (২৮ সেপ্টেম্বর) তার অফিসে সাংবাদিকদের বলেন, “এটি হবে ভার্চুয়াল বৈঠক। তবে করোনা পরিস্থিতির উন্নতি হলে ডিসেম্বরে মুখোমুখি বৈঠকও হতে পারে।”

ডিসেম্বরে আলোচনার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে আভাস দেন পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের মধ্যে ভার্চুয়াল প্লাটফর্মে বাংলাদেশ-ভারত জয়েন্ট কনসাল্টেটিভ কমিশনের (জেসিসি) ষষ্ঠ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের জন্য জেআরসি’র বৈঠক হওয়া দরকার। গত ১০ বছর জেআরসি’র বৈঠক হয়নি। দিল্লীতে ২০১০ সালে জেআরসি’র সর্বশেষ সভা হয়। তবে গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে উভয় দেশ হালনাগাদ তথ্য-উপাত্ত বিনিময়ে জেআরসি’র কারিগরি কমিটিকে নির্দেশ দিতে সম্মত হয়।”

মোমেন বলেন, “ভারত আমাদের প্রতিবেশী ও ভাল বন্ধু। আমরা বহু বিষয় আলোচনা করেছি।’ তবে মঙ্গলবার কোনো চুক্তি স্বাক্ষর হচ্ছে না। পানি বন্টন, বাণিজ্য, ঋণ, সীমান্ত হত্যা এবং মহামারিসহ ব্যাপক বিষয় নিয়ে এতে আলোচনা হবে।”

তিনি বলেন, “পানি বন্টন ইস্যু নিয়ে আলোচনা করতে ঢাকা বন্ধ থাকা যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠকের নতুন তারিখ ঠিক করতে নয়াদিল্লীর প্রতি আহ্বান জানাবে।”

Related Articles

Leave a Reply

Back to top button