বাংলাদেশ

জ্বালানি তেলের দাম কমলো লিটারে ৫ টাকা

দেশের বাজারে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের লিটারে ৫ টাকা দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জানা গেছে, সোমবার দিনগত রাত ১টা থেকে নতুন এ দাম কার্যকর হবে। রাতেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হবে।

আজ সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঘোষণা অনুযায়ী নতুন দাম, ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা থেকে কমে ১০৯ টাকা, কেরোসিন ১১৪ টাকা থেকে ১০৯ টাকা, অকটেন ১৩৫ টাকা থেকে ১৩০ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা থেকে কমে ১২৫ টাকা নির্ধারণ করেছে সরকার।

এর আগে, সোমবার দুপুরে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন, আগামী দু-একদিনের মধ্যে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হবে। ডিজেলের আগাম কর অব্যাহতি ও আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করে গতকাল রোববার প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

গত ৫ আগস্ট বিশ্ব বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ভর্তুকি ব্যয় কমাতে সরকার তেলের দাম বৃদ্ধি করে। সে সময় প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে ৩৪ টাকা, অকটেনে ৪৬ টাকা ও পেট্রোলের দাম ৪৪ টাকা বাড়ানো হয়। এতে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১১৪ টাকা, অকটেন ১৩৫ ও পেট্রোল ১৩০ টাকা নির্ধারণ করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button