ভূরাজনীতি

জেলা-উপজেলা পর্যায়ে করোনার কোনও চিকিৎসা নাই অভিযোগ রিজভী’র

টিকা নিয়েও সরকার ‘নাটক’ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (৬ আগস্ট) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে পুস্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, টিকা নিয়ে কত ‘নাটক’ হয়েছে এবং কত ‘নাটক’ হচ্ছে। মানুষের দৃষ্টিকে ভিন্নখাতে নেয়ার জন্য সরকারের এমন কোনও প্রচেষ্টা নাই যা তারা করছেন না। প্রথমে সরকার বললেন, ৭ দিন গণটিকা দেয়া হবে। পরে বলছেন- একদিন গণটিকা দেবো। কিন্তু এটিরও কোনও বাস্তব ভিত্তি নেই।’

রিজভী বলেন, ‘তারা (সরকার) যেটা বলবে তার উল্টোটাই হবে এবং উল্টোটা আমরা দেখতে পারছি। বিশেষ করে জেলা-উপজেলা পর্যায়ে করোনার কোনও চিকিৎসা নাই। না আছে আইসিইউ, না আছে অক্সিজেন সরবারহ, না আছে কোনও ওষুধপত্র।’

তিনি বলেন, ‘একটা মারণভূমি পরিণত হয়েছে জেলা-উপজেলা পর্যায়ে। সত্যিকারের যদি সরকার থাকতো এমনটা হতো না। দেড় বছর সময় পেলেন, কেন জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে অক্সিজেন সরবারহ হয় না? সেখানে কেন প্রয়োজনীয় ওষুধপত্র নেই? এটার কারণ একটাই- লুটপাটের ভাবধারায় অনুপ্রাণিত সরকার কখনোই জনগণের জীবন বাঁচাতে এগিয়ে আসবে না। আজকে টিকা নিয়েও ভয়ংকর দুর্নীতি হচ্ছে, শুধুমাত্র সরকারদলীয় লোকদের আঙুল ফুলে কলাগাছ করানোর জন্য।’

তিনি বলেন, ‘এই যে পরিস্থিতি এ পরিস্থিতির মধ্যে মানুষ বিশেষ করে অসুস্থ মানুষ, আক্রান্ত মানুষ কী করে সেবা পাবে? এন৯৫ মাস্কের যে প্যাকেট সেই প্যাকেট খুলে দেখা যায় যে সার্জিক্যাল মাস্ক। এটা আমার বক্তব্য নয়, এটা আন্তর্জাতিক বিভিন্ন যে সংস্থাগুলো কাজ করছেন, যারা পর্যবেক্ষণ করছেন তারা বারবার এইসব রিপোর্ট দিচ্ছেন। তাতেও সরকারের টনক নড়েনি।’

বিএনপির চিকিৎসক সংগঠন ড্যাব’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০টায় রিজভী ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ ও মহাসচিব অধ্যাপক আব্দুস সালামকে সঙ্গে নিয়ে শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ করেন। পরে নেতৃবৃন্দ ফাতেহা পাঠ করে প্রয়াত নেতার আত্মার মাগফেরাতে বিশেষ মোনাজাত করেন।

এসময় ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. শহিদ হাসান, জহিরুল ইসলাম শাকিল, মেহেদি হাসান, নিলুফা ইয়াসমীন প্রমুখ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button