অন্য খবর

জামিন নামঞ্জুর, মডেল পিয়াসা কারাগারে

রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে, আদালত মাদকদ্রব্য আইনে করা পৃথক দুই মামলায় আলোচিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে, কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

বুধবার (১১ আগস্ট) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, ভাটারা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তিন দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ভাটারা ও গুলশান থানার মাদক আইনের পৃথক দুই মামলায় আবারও পাঁচদিন করে মোট ১০ দিন রিমান্ডে নিতে আবেদন করে সিআইডি। অপরদিকে পিয়াসার আইনজীবী তার রিমান্ড বাতিল চেয়ে তার জামিন আবেদন করেন।

গত শুক্রবার (৬ আগস্ট) ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী শুনানি শেষে তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সেদিন গুলশান থানায় করা মাদকের মামলায় রিমান্ড শেষে আসামি পিয়াসাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর তাকে একই মামলায় আরও ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এছাড়া ভাটারা থানার মামলায় গ্রেফতার দেখানোসহ ১০ দিন ও খিলক্ষেত থানায় গ্রেফতার দেখানোসহ সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক গুলশান থানার মামলায় দুই দিন, ভাটারা থানার মামলায় তিন দিন ও খিলক্ষেত থানার মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তারও আগে সোমবার (২ আগস্ট) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলামের আদালত মডেল পিয়াসার তিনদিন এবং ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালত আরেক মডেল মৌয়ের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রোববার (১ আগস্ট) রাত ১০টার দিকে প্রথমে রাজধানীর বারিধারায় মডেল পিয়াসার বাসায় অভিযান শুরু করে পুলিশ। পরে রাত পৌনে ১২টার দিকে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেয়া হয়।

Related Articles

Leave a Reply

Back to top button