জাপান থেকে আরও ৬ লাখ টিকা আসছে ঢাকায়

জাপানের বিমানবন্দর থেকে, করোনা প্রতিরোধী ৬ লাখ ডোজ টিকা নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে অল নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট।
টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপানের উপহারের পঞ্চম ও শেষ চালান টোকিও থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।
শুক্রবার (২৭ আগস্ট) রাতে ৬ লাখ ৩৪ হাজার ৯২০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে। আগামীকাল শনিবার ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
টোকিও বাংলাদেশ দূতাবাস আজ শুক্রবার সন্ধ্যায় ফেসবুক পেজে এ তথ্য জানায়।
জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন উপহারের টিকার চালান ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রার সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
করোনা প্রতিরোধে বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার কথা রয়েছে জাপানের। এর আগে ২৫ লাখ ডোজ টিকা দেশে এসেছে।



