জানুয়ারিতে করোনার ভ্যাকসিন পাবে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী জানুয়ারির শেষের দিকে ভ্যাকসিন আনতে পারবো। এ ব্যাপারে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।
বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের বহিঃবিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বলেন, কোন কারণে দেরী হলেও, ফেব্রুয়ারির মাঝামাঝি অবশ্যই ভ্যাকসিন আনতে পারবো।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার কারণে অনেক বড় বড় দেশে স্থবিরতা দেখা দিয়েছে। আমিরিকার অর্থনীতিতে ১৫ ভাগ এবং ভারত সাত ভাগ পিছিয়েছে। কিন্তু বাংলাদেশে উন্নয়নের চাকা ঘুরছে বলেই আমরা পাঁচ ভাগ এগিয়েছি।
জানান, করোনা মোকাবিলায় এবং নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের গৃহিত পদক্ষেপ সারাবিশ্বে প্রশংসিত হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের ৬৪টি জেলায় মেডিকেল কলেজ স্থাপন করার পরিকল্পনা নেয়া হয়েছে। দেশে ৩৮ মেডিকেল কলেজ স্থাপনার অনুমোদন দেওয়া হয়েছে। দেশের প্রান্তিক জনগোষ্ঠিীর কাছে স্বাস্থ্য সেবা পৌছে দিতে কাজ করছে সরকার।



