বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হেফাজত নেতাদের বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেছেন হেফাজতে ইসলামের নেতারা।

সোমবার (১৯ এপ্রিল) রাতে মন্ত্রীর বাসভবনে এ বৈঠক হয়। বৈঠকে অংশ নেওয়া হেফাজতে ইসলামের নেতাদের মধ্যে ছিলেন সংগঠনের মহাসচিব মাওলানা নূরুল ইসলাম জিহাদী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আতাউল্লাহ হাফেজী প্রমুখ।

 

বৈঠকটি আনুমানিক রাত ১১টা পর্যন্ত চলে। বৈঠকে পুলিশের কয়েকজন কর্মকর্তাও ছিলেন বলে একটি সূত্র জানিয়েছে।

সম্প্রতি হেফাজতের বেশ কয়েকজন নেতাকে গ্রেফতারে সংগঠনটিতে নানামুখি তৎপরতা চলছে। রোববার করণীয় ঠিক করতে ভার্চুয়াল বৈঠক করেন হেফাজত নেতারা। তবে ভার্চুয়াল ওই বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে হেফাজতের তরফ থেকে কিছু জানানো হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রীর এক ঘনিষ্ঠ সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করলেও বৈঠকে কি আলোচনা হয়েছে তা জানা যায়নি।

বৈঠক শেষে রাত সাড়ে ১২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মুঠোফোনে দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমকে বলেন, হেফাজত নেতারা তার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাদের তিনি বলেছেন, পুলিশ নিরীহ কাউকে হয়রানি করছে না। যারা ভাঙচুর–সহিংসতায় জড়িত, শুধু তাদের গ্রেপ্তার করা হচ্ছে। যা করা হচ্ছে, সব আইন অনুযায়ীই হচ্ছে। আর মাদ্রাসা খুলে দেওয়া বা বন্ধের সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একার কোনো বিষয় নয়।

Related Articles

Leave a Reply

Back to top button