বিশ্ব

জাতীয় নিরাপত্তা পরিষদের সভাপতি রাশিয়া

জাতিসংঘের জাতীয় নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে রাশিয়া। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে এ দায়িত্ব পালন করেছিল দেশটি। ফলে ওই মাসেই ইউক্রেনে পূর্ণ মাত্রায় সামরিক আগ্রাসন শুরু করেছিল ভ্লাদিমির পুতিন প্রশাসন।
অন্যদিকে, রাশিয়া সভাপতি হওয়ার বিষয়ে ইউক্রেনের আপত্তি থাকা সত্ত্বেও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দায়িত্ব গ্রহণ করেছে দেশটি। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের প্রতিটা দেশই এক মাস করে পর্যায়ক্রমে সভাপতির এ দায়িত্ব পালন করে থাকে।
রাশিয়ার সভাপতি পদগ্রহণ নিয়ে ইউক্রেন আপত্তি জানালে যুক্তরাষ্ট্র জানায়, নিরাপত্তা পরিষদের কোনো স্থায়ী সদস্য দেশের দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে তারা বাধা দিতে পারে না। রাশিয়া ছাড়াও নিরাপত্তা পরিষদের অন্য চার স্থায়ী সদস্য হলো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও চীন।
নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পদ্ধতিগত হলেও জাতিসংঘে নিযুক্ত মস্কোর রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া রুশ বার্তাসংস্থা তাসকে অস্ত্র নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিতর্কিত বিষয় তদারকি করার পরিকল্পনার কথা জানিয়েছেন।
এ ছাড়া এক মেরু বিশ্বব্যবস্থায় পরিবর্তন আনতে নতুন বিশ্বব্যবস্থা নিয়ে আলোচনা তুলবেন বলেও জানান তিনি।
রাশিয়ার দায়িত্ব গ্রহণকে এপ্রিল ফুল ডের এ যাবৎকালের সবচেয়ে বাজে কৌতুক বলে মন্তব্য করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। একইসঙ্গে এটি আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থা যেভাবে কাজ করছে, সেখানে কিছু একটা ভুল রয়েছে বলেও মনে করিয়ে দেয়।
এ ছাড়া শনিবার (১ এপ্রিল) পৃথক আরেক বক্তব্যে কুলেবা বলেন, এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখে চপেটাঘাত। এদিকে যুক্তরাষ্ট্র বলছে, তাদের হাত বাঁধা। কারণ জাতিসংঘ সনদে কোনো স্থায়ী সদস্যকে অপসারণের বিধান নেই।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়ের বলেন, দুর্ভাগ্যবশত! রাশিয়া নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। আর এই বাস্তবতা পরিবর্তনে বিদ্যমান আইনি কোনো উপায় নেই।

Related Articles

Leave a Reply

Back to top button