৭ কার্য দিবসেই মামলার রায়, ধর্ষকের যাবজ্জীবন

বাগেরহাটে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে আসামি আব্দুল মান্নান সরদারকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-২-এর বিচারক মো. নূরে আলম।
আদালত মাত্র সাত কর্মদিবসে এই মামলার রায় ঘোষণা করেন। এ ধরনের ফৌজদারি মামলায় এত কম সময়ে বিচার কাজ শেষ করার নজির দেশে এই প্রথম বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এর আগে, রবিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত টানা তিন ঘণ্টা বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. নূরে আলম এই চাঞ্চল্যকর মামলার বাদী ও বিবাদী পক্ষের যুক্তিতর্ক শোনেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুল মান্নান সরদার (৫০) মোংলা উপজেলার মাকোড়ডোন গ্রামের ভূমিহীন আশ্রয় প্রকল্প এলাকার প্রয়াত আহমদ সরদারের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, বাগেরহাটের মোংলা উপজেলার মাকোড়ডোন গ্রামের আশ্রয় প্রকল্প এলাকায় পিতৃহীন সাত বছর বয়সী এক শিশু তার মামাবাড়িতে থেকে বড় হচ্ছিল। গত ৩ অক্টোবর বিকালে ওই আশ্রয়ণ প্রকল্পে বসবাস করা পঞ্চাশোর্ধ প্রতিবেশী আব্দুল মান্নান সরদার বিস্কুট খাওয়ার প্রলোভনে নিজের ঘরে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। ঘটনা জানাজানি হলে ওইদিন রাতেই মেয়েটির মামা মোংলা থানায় আব্দুল মান্নানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।এরপর পুলিশ মান্নানকে গ্রেফতার করে।
মামলার তদন্ত কর্মকর্তা মোংলা থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিত মুখার্জী ধর্ষণের সত্যতা পেয়ে আট দিনের মাথায় আব্দুল মান্নানের বিরুদ্ধে ১১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বেঞ্চ সহকারী গোপাল চন্দ্র পাল জানান, মামলাটি স্পর্শকাতর হওয়ায় জুডিশিয়াল আদালত মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে পাঠান। আদালতের বিচারক গত ১১ অক্টোবর মামলাটি আমলে নিয়ে পরদিন চার্জ গঠন করেন। ১৩ অক্টোবর বাদী পক্ষের মোট ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। ১৪ অক্টোবর মামলার সংশ্লিষ্ট সাক্ষী চিকিৎসক, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নারী পুলিশ সদস্য এবং মামলার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করা হয়। ১৫ অক্টোবর আসামির আত্মপক্ষ সমর্থনে সাফাই সাক্ষী সাক্ষ্য নেন আদালত। রবিবার বিকালে বিচারক দীর্ঘ সময় বাদী ও বিবাদী পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আজ সোমবার রায় ঘোষণা করেন। এই ধরনের ফৌজদারি মামলায় দেশের কোনও নিম্ন আদালতে এত কম সময়ে বিচারকাজ শেষ হয়নি বলেও জানান এই কর্মকর্তা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সহকারী কৌঁসুলি (এপিপি) রণজিৎ কুমার মণ্ডল বলেন, ‘অতি অল্প সময়ে এই রায়ে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এতে বাদীপক্ষসহ এলাকাবাসী খুশি।
তবে আসামি পক্ষের আইনজীবী লেয়াকত আলী স্বল্প সময়ে বিচার কাজ শেষ করতে গিয়ে আসামি ন্যায়বিচার পাইনি বলে দাবি করেন। ন্যায়বিচারের স্বার্থে আসামি পক্ষ উচ্চ আদালতে যাবে বলে তিনি জানান।


