বাংলাদেশ

জনগণের সেবা করতে গিয়েই করোনায় আক্রান্ত আওয়ামী নেতাকর্মীরা: তথ্যমন্ত্রী

জনগণের জন্য কাজ করতে গিয়েই আওয়ামী লীগের নেতাকর্মী, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা করোনায় আক্রান্ত হয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

হাছান মাহমুদ বলেন, ‘করোনা প্রাদুর্ভাব দেখা দেওয়ার শুরু থেকেই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মী, মন্ত্রিপরিষদ ও সংসদ সদস্য ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা জনগণকে সুরক্ষা দেওয়া ও সহায়তা করার জন্য ত্রাণ কার্যক্রম পরিচালনা করে আসছেন। যে কারণে আমরা দেখতে পারছি, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাসহ বহু নেতাকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিশেষ করে বরেণ্য নেতা মোহাম্মদ নাসিম, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ, সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান মৃত্যুবরণ করেছেন। এর মূল কারণ হচ্ছে তারা জনগণের পাশে থেকে কাজ করছিলেন এবং তা করতে গিয়েই করোনায় আক্রান্ত হয়েছেন।’

‘বিএনপি নেতাদের করোনায় আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে না’- সাংবাদিকদের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেন, কেউ আক্রান্ত হোক, সেটি আমরা কখনও কামনা করি না। বিএনপি নেতারা সবাই সুস্থ থাকুন, আমরা এবং সবমানুষ যেন সুস্থ থাকে সেটিই আমরা কামনা করি। সেইসঙ্গে এটিও সত্য যে, যারাই জনগণের পাশে থেকে কাজ করছেন, তারাই আক্রান্ত হচ্ছেন ও তাদেরই আক্রান্তের সম্ভাবনা বেশি। অপরদিকে বিএনপি নেতারা যারা হাত গুটিয়ে বসে আছেন, ঘরের মধ্যে থেকে প্রেস ব্রিফিং আর কিছু ফটোসেশনের মধ্যে কাজকর্ম সীমাবদ্ধ রেখেছেন, জনগণের পাশে দাঁড়াননি, তাদের আক্রান্ত হবার সম্ভাবনা কম। তবে, আমি সবসময় প্রার্থনা করি বিএনপি নেতাদের সবাই সুস্থ থাকুন।’
‘দেশে স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে’- বলে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মন্তব্য নিয়ে হাছান মাহমুদ বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থা যতটুকু আছে, সেই সামর্থ্যকে কাজে লাগিয়ে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও প্রশাসনের প্রাণান্তকর চেষ্টায় এখনও বাংলাদেশ বিশ্বের সবচেয়ে কম মৃত্যুহারের দেশগুলোর একটি। সেইসঙ্গে স্বাস্থ্যসেবা উন্নয়নের সব উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। সুতরাং অর্বাচীনের মতো কথা না বলে তাদের জনগণের পাশে দাঁড়াতে অনুরোধ জানাই।’

এর আগে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের প্রয়াত নেতা মোহাম্মদ নাসিম, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ, সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানসহ দলের সদ্যপ্রয়াত নেতৃবৃন্দের আত্মার শান্তি ও অসুস্থ নেতাকর্মীদের আরোগ্য প্রার্থনা করে অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আফম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ এতে অংশ নেন।

মাহফিল শেষে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা এবং দেশ ও বিশ্বকে করোনা থেকে মুক্তির জন্য মোনাজাত করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button