বাংলাদেশ
ছাত্রদল নেতা আমানের নেতৃত্বেই ২৮ অক্টোবর পুলিশ হত্যা করা হয়: সিটিটিসি

বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশে রাজধানীতে সহিংসতা ও পুলিশ কনস্টেবল আমিরুল হত্যা মামলার প্রধান আসামি কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমানকে গ্রেফতার করেছে সিটিটিসি। সংস্থাটির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২৮ অক্টোবরের বিএনপির সমাবেশে পুলিশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মো. আসাদুজ্জামান।
এসময় তিনি দাবি করেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমানের নেতৃত্বেই পুলিশ কনস্টেবল আমিরুলকে হত্যা করা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান সংবাদ সম্মেলনে দাবি করেন, আগে থেকেই বিএনপির উচ্চ পর্যায় থেকে পুলিশের ওপর হামলার নির্দেশনা ছিল। আর এ কাজে দায়িত্ব দেয়া হয় ছাত্রদলের ওপর। কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা পেয়েই আমানের নেতৃত্বে ছাত্রদলের বড় একটি গ্রুপ কালভার্ট রোডে যায়। সংঘর্ষের এক পর্যায়ে সুযোগ বুঝে তারা পুলিশ কনস্টেবল আমিরুলের ওপর হামলা করে হত্যা করে।
উল্লেখ, ২৮ অক্টোবর বিকেল রাজধানীর ফকিরাপুল চার রাস্তার মোড়ে বিএনপি নেতাকর্মীদের হামলার শিকার হয়ে পুলিশের কনস্টেবল আমিরুল ইসলাম পারভেজ নিহত হয়েছেন। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের ফয়েজপুর গ্রামের সেকান্দর মন্ডলের ছেলে তিনি। ওইদিন বিকেল ৪টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সোয়া ৪টায় মৃত ঘোষণা করেন।



