বিশ্ব

চীন পরিকল্পিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করেছে: দিল্লি

চীনা ও ভারতীয় সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেইজিংকে দায়ী করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। ওই ঘটনা নিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বুধবার ফোনে কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। এ সময় তিনি বলেন, সেদিন পরিকল্পিতভাবেই পরিস্থিতি উত্তপ্ত করে তোলে চীনা বাহিনী। এর জেরেই দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমস।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। কিন্তু এতে কীভাবে সংঘর্ষের সূত্রপাত হয় সেটি স্পষ্ট ছিল না। তবে বুধবার ওয়াং ই-এর কাছে সেই ঘটনার আদ্যোপান্ত তুলে ধরেন জয়শংকর।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত ৬ জুন উচ্চপদস্থ মিলিটারি কমান্ডারদের বৈঠকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর উত্তেজনা প্রশমন এবং সেনা সরানোর ক্ষেত্রে ঐকমত্যে পৌঁছেছিল দুই দেশ। সেই ঐক্যমতের ভিত্তিতে এগিয়ে যাওয়ার জন্য গত সপ্তাহজুড়ে উভয় দেশের সামরিক বৈঠক হয়েছিল। পরিস্থিতির উন্নতিও হচ্ছিল। কিন্তু প্রকৃত নিয়ন্ত্রণরেখার এপারে অর্থাৎ ভারতের দিকে গালওয়ান উপত্যকায় একটি কাঠামো তৈরির চেষ্টা করছিল চীনা বাহিনী। তা নিয়েই বিবাদের সূত্রপাত। চীনা সেনাদের কর্মকাণ্ড ছিল পূর্ব পরিকল্পিত। এটিই সেদিনের সংঘর্ষের জন্য সরাসরি দায়ী।

এদিকে সংঘর্ষের জন্য ভারতকে দায়ী করে বেইজিং বলেছে, ‘গ্যালওয়ান উপত্যকায় যখন পরিস্থিতি শান্ত হয়ে গিয়েছিল, তখন ওরা (ভারত) ইচ্ছা করে প্ররোচনা দিয়েছিল। এমনকি হিংসাত্মকভাবে চীনা জওয়ান ও অফিসারদের ওপর হামলা চালিয়েছিল, যখন তারা আলোচনার জন্য প্রকৃত নিয়ন্ত্রণরেখার দিকে যাচ্ছিল।’

ফোনালাপের পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, যাবতীয় পরিস্থিতি দায়িত্বশীলভাবে সামলানোর বিষয়ে একমত হয়েছেন দুই নেতা। ৬ জুনের সিদ্ধান্ত অনুযায়ী উভয় পক্ষই সচেতনভাবে যাবতীয় ব্যবস্থা নেবে। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় শান্তি বিঘ্নিত করবে, কোনও পক্ষই এমন কোনও কাজ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছেন দুই পররাষ্ট্রমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Back to top button