চীনা ভ্যাকসিনের ট্রায়ালের অনুমতি দিল সরকার

সরকার দেশে অবশেষে করোনা ভাইরাসের ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দিয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে দুুপুরে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী জানান, চীনা কোম্পানি সিনোভ্যাককে বাংলাদেশে ট্রায়ালের অনুমতি দেয়া হয়েছে। বাংলাদেশে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আইসিডিডিআরবির সহায়তা ট্রায়াল কার্যক্রম চালাবে চীনা কোম্পানিটি।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, যতদ্রুত ট্রায়াল করা সম্ভব, তত দ্রুতই করা হচ্ছে। তবে এই ভ্যাক্সিন শুধু মাত্র চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে দেয়া হবে। স্বেচ্ছায় যারা এই ভ্যাক্সিন নিতে চান তাদেরকেই দেয়া হবে। চীনের দূতাবাসের সঙ্গে কথা হয়েছে, বাংলাদেশে অবস্থানরত তাদের কর্মকর্তা ও নাগরিকদেরও এই ভ্যাকসিন দেয়া হবে।
তিনি বলেন, ‘আমরা ট্রায়াল চালাতে দেব। কিন্তু ভ্যাকসিনের ক্ষেত্রে আমাদের অগ্রাধিকার দিতে হবে। যেসব দেশ পাবে তার ওপরের দিকেই বাংলাদেশের নাম থাকতে হবে। আর এ সংক্রান্ত খরচও তারা বহন করবেন।’
ভ্যাকসিনের সব প্রস্তাব বা অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।



