চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তালেবানের বৈঠক

চীন সফরে গেছেন তালেবান প্রতিনিধি দল।
বুধবার তালেবানের রাজনৈতিক অফিসের প্রধান মোল্লা বারদার আখন্দের নেতৃত্বে নয় সদস্যের এক প্রতিনিধি দল চীন সফর করেছেন। সেখানে তারা চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করেন। সূত্র: রয়টার্স
আলোচনায় তারা দু দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং আফগানিস্তানে নিরাপত্তার বিষয়ে আলোচনা করেন বলে রয়টার্স জানিয়েছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন উত্তরাঞ্চলীয় শহর তিয়ানজিনে তালেবান প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
তালেবান মুখপাত্র মোহাম্মদ নায়িম এক টুইট বার্তায় লিখেছেন, প্রতিনিধি দল চীনকে আশ্বাস দিয়েছে যে তারা প্রতিবেশী দেশগুলোর জন্য কোনো হুমকি সৃষ্টি করবে না এবং চীনও অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার অঙ্গীকার করেছে। দেশটি আফগানিস্তানের শান্তি প্রক্রিয়ায় অবদান রাখবে।
টুইট বার্তায় আরো বলেন, রাজনীতি, অর্থনীতি ও উভয় দেশের নিরাপত্তা সংশ্লিষ্ট ইস্যু এবং আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি ও শান্তি প্রক্রিয়া নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
প্রতিনিধিরা চীনকে আশ্বস্ত করেছে যে, আফগানিস্তানে চীন যদি বিনিয়োগ করতে চায় তালেবান তাদেরকে সব ধরণের নিরাপত্তা দেবে।
এছাড়া চীনও আশ্বস্ত করেছে যে আফগানদের সহায়তা অব্যাহত রাখবে বেইজিং।
দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। এর মধ্যে দেশের প্রায় অর্ধেকেরও বেশি জেলার দখল নিয়েছে তালেবান। সশস্ত্র গোষ্ঠীটির এ অগ্রযাত্রা রুখতে হিমশিম খাচ্ছে আফগান সরকার।



