বিশ্ব

চলে গেলেন প্রণব মুখার্জি

প্রায় কয়েক সপ্তাহ ধরে কোমায় থাকা ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি অবশেষে চলে গেলেন না ফেরার দেশে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলের দিকে নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

একটি টুইটবার্তায় ভারতের এই বাঙালি রাষ্ট্রপতির পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, সেনা হাসপাতালের চিকিৎসকদের আপ্রাণ প্রচেষ্টা, সারা ভারতের মানুষের প্রার্থনা, দুয়া সত্ত্বেও এইমাত্র আমার বাবা শ্রী প্রণব মুখোপাধ্যায় মারা গিয়েছেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪। গত ৯ আগস্ট নয়াদিল্লির রাজাজি মার্গের বাসভবনের বাথরুমে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান প্রণব মুখার্জি। পরদিন তাকে নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে ভর্তি করা হয়। আঘাতের ফলে তার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

প্রায় তিন সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। গভীর কোমায় আচ্ছন্ন ছিলেন তিনি। এছাড়া আগে থেকেই তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন।

প্রণব মুখার্জি ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। গত বছর তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘ভারতরত্ন’ উপাধিতে ভূষিত হন। এছাড়াও তিনি অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীসহ দেশের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

প্রণব মুখোপাধ্যায়ের জন্ম অধুনা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কীর্ণাহার শহরের নিকটস্থ মিরাটি গ্রামে।

Related Articles

Leave a Reply

Back to top button