বাংলাদেশ

কূটনৈতিক আলোচনার মাধ্যমে ফ্লাইট চালু করে ইতালিতে ফিরে যেতে প্রবাসীদের মানববন্ধন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয়ের সহায়তায় ইতালির সরকারের সাথে কূটনৈতিক আলোচনার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে ফ্লাইট চালু করে ইতালিতে ফিরে যেতে মানববন্ধন করেছেন করোনার কারণে বাংলাদেশে আটকে পড়া ইতালি প্রবাসীরা।

মঙ্গলবার সকাল ১০ টায় বাংলাদেশে আটকে পড়া ইতালি প্রবাসী হৃদয় ইসলাম, হাসান তারিক ও মাসুদ হাসানের নেতৃত্বে বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবের সামনে প্রায় পাঁচ শতাধিক ইতালি প্রবাসী অংশ নিয়ে এ মানববন্ধন করেন।

এসময় মানববন্ধনে অংশ নেয়া প্রবাসীরা ইতালির সাথে কূটনৈতিক আলোচনার অনুরোধ জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয়ে একটি চিঠি হস্তান্তর করেন। সেসাথে বাংলাদেশের সাথে ফ্লাইট চালু করার অনুরোধ জানিয়ে বাংলাদেশস্থ ইতালি দূতাবাসে একটি চিঠি দেন। এছাড়াও দেশে আটকে পড়া প্রবাসীদের মধ্যে যাদের বৈধতার মেয়াদ শেষ হয়ে গেছে তারা যেন রি-এন্ট্রি ভিসা ছাড়া ইতালিতে প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।

এসময় সকল ইতালি প্রবাসীর পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী আবুল কালাম আব্দুল মোমেনের হাতে চিঠি হস্তান্তর করেন, বাংলাদেশ সমিতি ইতালি’র সাবেক সভাপতি জি এম কিবরিয়া।
এছাড়াও পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনার পর বাংলাদেশ সমিতি ইতালি’র সাবেক সভাপতি জি এম কিবরিয়া বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে। আমি পররাষ্ট্রমন্ত্রী আবুল কালাম আব্দুল মোমেন ও একই মন্ত্রণালয়ের নজরুল ইসলাম (ডিজি ইউরোপ)’র কাছে দাবীসমূহ তুলে ধরেছি। তারা দুজনেই বলেছেন ৭ সেপ্টেম্বরের পরে যেন বাংলাদেশের সাথে ইতালির ফ্লাইট নিষেধাজ্ঞা না বাড়ায় সেজন্য ইতালির সাথে কূটনৈতিক আলোচনা হচ্ছে’।

এছাড়াও তিনি বলেন, ‘প্রবাসীদের ফিরে যাবার সময় করোনা পরীক্ষার খরচ সাড়ে তিন হাজার টাকা ধরা হয়েছে। এটা যেন আরো কমিয়ে আনা হয় সেবিষয়েও পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনা হয়েছে’।

এসময় মানববন্ধনে অংশ নেয়া ইতালি প্রবাসী জামাল বেপারি বলেন, ‘সর্বশেষ ফ্লাইটে আমি ও আমার অন্তঃসত্ত্বা স্ত্রী রোমের ফিউমিচিনো বিমানবন্দরে পৌঁছালে করোনা কথা বলে ওই ফ্লাইটের সকল যাত্রীকে ইতালিতে প্রবেশের অনুমতি না দিয়ে ফিরিয়ে দেয়। তবে আমার স্ত্রী অন্তঃসত্ত্বা থাকার কারণে ইতালির প্রশাসন মানবিক দিক বিবেচনা করে আমার স্ত্রীকে ইমিগ্রেশন পাড় হবার অনুমতি দিলেও আমাকে দেশে পাঠিয়ে দেয়। বর্তমানে আমার স্ত্রীর বাচ্চা প্রসবের সময় হয়ে এসেছে। সে সেখানে একা থাকার কারণে মানসিকভাবে ভেঙ্গে পড়েছে। এই মুহুর্তে আমার ইতালিতে ফেরা খুবই প্রয়োজন’।

এছাড়াও আরেক ইতালি প্রবাসী হৃদয় ইসলাম বলেন, ‘আমি করোনার আগে বাংলাদেশে আসি কিন্তু বর্তমানে ফ্লাইট বন্ধ থাকায় ইতালিতে ফিরতে পারছিনা। এতে আমার ব্যবসা হুমকির মুখে পড়েছে। বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করছি তারা যেন ইতালির সরকারের সাথে আলোচনা করে ফ্লাইট চালু করে আমাদের ফেরার সুযোগ করে দেয়’।

উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন যাবত ফ্লাইট বন্ধ থাকায় প্রায় ১০ হাজার ইতালি প্রবাসী বাংলাদেশে আটকা পড়েছে। এতে অনেকেই হারাচ্ছেন চাকরি আবার অনেকের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে লোকসানের হুমকিতে। তাই দ্রুত সময়ের মধ্যে এসব প্রবাসীরা ইতালিতে ফিরে যেতে সরকারের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button