চকবাজারে আগুনের ঘটনায় ৬ মরদেহ উদ্ধার

রাজধানীর চকবাজারের কামালবাগ দেবীদ্বারঘাট এলাকায় প্লাস্টিক কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) বিকেলে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, ওসমান (২৫), বিল্লাল (৩৫), শপন (২২) ও শরীফ (২০)। বাকী দুজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক বজলুর রশীদ বলেন, এখন পর্যন্ত ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদেরে সবাইকে শোয়া অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তারা ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়েছেন। ঘটনাস্থলে আরও মরদেহ আছে কি না খোঁজ চলছে।
এদিন দুপুর ১২টার দিকে সেখানে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করে দুপুর ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে আগুন লাগা ভবনসহ আশপাশের সব ভবনই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। উদ্ধারের বিষয়ে ব্রিফিংকালে ঝুঁকির কথা জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান।
তিনি বলেন, আগুন লাগা ভবনের আশপাশের অনেক ভবনেই কারখানা গড়ে উঠেছে, এসব খুবই ঝুঁকিপূর্ণ। এসব ভবনে যেকোনো ঘটনা ঘটে যেতে পারে।



