বাংলাদেশ

গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলের সহযোগিতা অপরিহার্য: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জানিয়েছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দল ও জনগণের সহযোগিতা অপরিহার্য।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনাররা রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে একথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, নির্বাচন কমিশনকে নির্বাহী বিভাগ, রাজনৈতিক দল ও জনসাধারণের সহযোগিতা নিয়েই কাজটি সম্পন্ন করতে হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। আর নির্বাচন পরিচালনায় নির্বাচন কমিশন মুখ্য ভূমিকা পালন করে।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সব রাজনৈতিক দল ও জনগণের সহযোগিতায় নির্বাচন কমিশন স্থানীয় পর্যায়সহ সব নির্বাচন আরও সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠান সক্ষম হবে।

সাক্ষাতে কমিশনের নির্বাচনি কার্যক্রমসহ তাদের নেওয়া বিভিন্ন কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ ও জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ আইন ২০২১ এর বাংলা পাঠ রাষ্ট্রপতিকে হস্তান্তর করেন। সেসঙ্গে রাষ্ট্রপতিকে বীর মুক্তিযোদ্ধা সম্বলিত জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এবং নির্বাচন কমিশনের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

Related Articles

Leave a Reply

Back to top button