বাংলাদেশ

গোল্ডেন মনিরের বিরুদ্ধে চার্জ শুনানি আজ

অস্ত্র মামলায় গাড়ি ও স্বর্ণ ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডে মনিরের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আজ (২৯ মার্চ) দিন ধার্য রয়েছে।

গত ১৬ মার্চ মামলায় অভিযোগ গঠন শুনানির দিন ধার্য থাকলেও ওইদিন বিচারক ছুটিতে থাকায় শুনানি হয়নি। তাই ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম পরবর্তী শুনানির জন্য এ দিন ধার্য করেন।

এর আগে গত ৮ মার্চ ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ অভিযোগপত্র গ্রহণ করেন। এরপর অভিযোগ গঠন শুনানির জন্য ১৬ মার্চ দিন ধার্য করেন।

গত ২৬ জানুয়ারি ঢাকার চি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল মালেক অভিযোগপত্র দাখিল করেন। গত বছরের ২২ নভেম্বর গোল্ডেন মনিরকে পৃথক তিন মামলায় ১৮ দিন এবং ৩ ডিসেম্বর ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত বছরের ২০ নভেম্বর গভীর রাতে রাজধানীর বাড্ডায় মনিরের বাড়িতে টানা আট ঘণ্টা অভিযান চালিয়ে ৬০০ ভরি সোনার গহনা, বিদেশি পিস্তল-গুলি, মদ, ১০টি দেশের বিপুল পরিমাণ মুদ্রা ও নগদ ১ কোটি ৯ লাখ টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, ঢাকা ও আশেপাশের এলাকায় দুই শতাধিক প্লট ও ফ্ল্যাটের মালিক গোল্ডেন মনির। রাজউকের কয়েকজন কর্মকর্তার যোগসাজশে জালিয়াতির মাধ্যমে অসংখ্য প্লট হাতিয়ে নেন তিনি। প্রাথমিকভাবে ৩০টি প্লট ও ফ্ল্যাটের কথা স্বীকার করেন মনির। অভিযানে জব্দ করা হয় দুটি বিলাসবহুল গাড়ি। যার প্রতিটির দাম প্রায় ৩ কোটি টাকা। তার বিরুদ্ধে বাড্ডা থানায় অস্ত্র, বিশেষ ক্ষমতা এবং মাদক আইনের পৃথক তিনটি মামলা দায়ের করে র‌্যাব।

Related Articles

Leave a Reply

Back to top button