গীতিকার রাসেল ও’নীলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

‘দিন বাড়ি যায়’, ‘সূর্য স্নানে চল’, ‘মনটা তোমার কেনা’ এরকম অসংখ্য জনপ্রিয় গানের গীতিকার মেহবুবুল হাসান রাসেলের (৪৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন লিচু বাগান এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি রাসেল ও’নীল নামে পরিচিত ।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার মো. সাইদুর রহমান।
পুলিশ জানায়, বাসাটিতে রাসেলের সঙ্গে তাঁর মা ও ছোট ভাই থাকেন। দেড় বছর ধরে রাসেল চাকরিহীন ছিলেন। একপর্যায়ে তাঁকে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসনকেন্দ্রে পাঠানো হয়েছিল।
রাসেলের কক্ষে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। এতে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য কেহ দায়ী নয়।’ হাতের লেখা রাসেলের বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন তাঁর পরিজন ও বন্ধুরা। তবে এ বিষয়টি তদন্ত করে দেখা হবে। রাসেল আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রাসেলের লাশ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
উল্লেখ্য, এক সময় ‘রাসেল ও নীল’ নামে গান লিখতেন মেহবুবুল হাসান রাসেল ও তার বন্ধু ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। পরে রাসেল ও’নীল নামেই পরিচিতি পেতে থাকেন রাসেল। দেশের জনপ্রিয় ব্যান্ড ‘দলছুট’-এর অনেক গানের কথাই লিখেছেন তিনি। বাপ্পা মজুমদারসহ আরও গুণী শিল্পীরাও গান করেছেন তার কথায়। এছাড়া একটি বিজ্ঞাপনী সংস্থায় কপিরাইটার হিসেবে কাজ করতেন তিনি।



