গাড়ি ভাঙচুর করা ছাত্রদের কাজ না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাস্তায় নেমে গাড়ি ভাঙা ছাত্রদের কাজ নয়, এটা কেউ করবেন না। দয়া করে যার যার শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যান, লেখাপড়া করেন।
বুধবার (১ ডিসেম্বর) বিজয়ের মাসের প্রথম দিন বাংলাদেশ শিশু অ্যাকাডেমিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় রাজধানীর ধানমন্ডিতে নারী উদ্যোক্তাদের জন্য ১২তলা বিশিষ্ট অত্যাধুনিক ‘জয়িতা টাওয়ার’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, শিক্ষার্থী মারা যাওয়ার ঘটনায় যারা দোষী তাদেরকে খুঁজে বের করে অবশ্যই শাস্তি দেওয়া হবে। বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ব্যাপারে অনেক সতর্ক। সঙ্গে সঙ্গেই অপরাধীদের খুঁজে বের করা হয়েছে। তাছাড়া সবকিছুর ভিডিও ফুটেজও রয়েছে। তাই যেকোনো অপরাধ সংঘটনের ক্ষেত্রে তাদের ধরা খুব একটা কঠিন কাজ নয়। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে সেটা করা হচ্ছে।
তিনি বলেন, ভবিষ্যতে এই গাড়ি ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনা যারা ঘটাবে তাদের খুঁজে বের করা হবে, শাস্তি দেওয়া হবে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়িতে পর পর পথচারী মারা যাওয়ার ঘটনা যথাযথভাবে তদন্ত করে দেখারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, আমি এটুকুই চাই দেশের যে উন্নয়ন আমরা করে দিচ্ছি সেটাকে ধরে রেখে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকের শিশুরা আগামী দিনের সোনার বাংলাদেশ গড়ার সৈনিক হবে। আজকের শিশুদের লেখাপড়া করা এবং অভিভাবকদের আদেশ মান্য করার পাশাপাশি রাস্তাঘাটে চলাচল করতে ট্রাফিক আইন মেনে চলারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, গাড়িতে দুর্ঘটনা ঘটে একজন মারা গেল বলে সেখানে আরও ২৫টি গাড়ি ভাঙা এবং আগুন দেওয়া এটা কোন ধরনের কথা। তাই আমি বলব কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আর গাড়ি চালকদেরও আমি বলব, তাদেরও সতর্কতার সঙ্গে গাড়ি চালাতে হবে।
জনবহুল এই দেশে গাড়ি চালানোর জন্য এ সময় সঠিকভাবে প্রশিক্ষণের ওপর তিনি গুরুত্বারোপ করেন এবং তার সরকার উপজেলা পর্যায় পর্যন্ত চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছে বলেও জানান প্রধানমন্ত্রী।



