গণস্বাস্থ্যের প্লাজমা সেন্টারের উদ্বোধন

করোনাভাইরাস প্রতিরোধে প্লাজমা সেন্টারের উদ্বোধন করেছে গণস্বাস্থ্য কেন্দ্র।
শনিবার (১৫ আগস্ট) সকালে ধানমণ্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে এর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান ও প্লাজমা থেরাপি প্রয়োগ সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটির প্রধান অধ্যাপক ডা. মহিউদ্দিন আহমেদ খান। এ সময় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরীও উপস্থিত ছিলেন।
এ সময়, বাংলাদেশের প্রতিটা জেলায় প্লাজমা সেন্টার হওয়া দরকার বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চোধুরী। বলেন, আমি করোনা ভাইরাসে আক্রান্ত হবার পর নড়াচড়াই করতে পারছিলাম না। তখন অধ্যাপক এম এ খান আমাকে প্লাজমা নিতে বলেন। সঠিকভাবে সঠিক সময়ে যদি পরীক্ষা-নিরীক্ষা করে প্লাজমা দেওয়া যায়, তাহলে রোগী সুস্থ হয়ে ওঠে। করোনা ভাইরাস শরীরে বিভিন্ন রকম উপসর্গ সৃষ্টি করে। করোনামুক্ত হলেও শরীর অনেক দুর্বল করে দেয়। তাই প্লাজমার বিষয়টি আরও অনেক প্রচার হওয়া দরকার। আমার মতে অধ্যাপক এম এ খানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিটি জেলায় প্লাজমা সেন্টার হওয়া দরকার।
আগ্রহী রক্তদাতাদের নিবন্ধনের জন্য নিচের নম্বরে যোগাযোগের অনুরোধ করেছেন গণস্বাস্থ্যের ডা. গোলাম মো. কোরেইশী। তার মোবাইল নম্বর ০১৫৫২-৪৬০৭৮০। ঠিকানা- গণস্বাস্থ্য নগর হাসপাতাল, বাড়ি-১৪, রোড-০৬, ধানমন্ডি, ঢাকা-১২০৫।



