
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলার পরবর্তী শুনানি আগামী ৬ অক্টোবর।
সোমবার (১৭ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত নতুন এ দিন ধার্য করেন।
বেগম জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘করোনা ভাইরাসের কারণে আদালত বন্ধ থাকায় এতদিন বিচারকাজ হয়নি। তাই নতুন করে তারিখ নির্ধারণ করা হয়েছে। নতুন তারিখ থেকে শুনানি অনুষ্ঠিত হবে।’
বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে এই ১১টি মামলার মধ্যে মিরপুরের দারুস সালাম থানায় নাশকতার ৮টি, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার বিস্ফোরক ও হত্যা আইনের ২টি মামলা রয়েছে।
এর মধ্যে ২০১৬ সালের ২৫ জানুয়ারি খালেদা জিয়ার বক্তব্যকে দেশদ্রোহী অ্যাখ্যা দিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে একটি মামলা করেন। আর ২০১৫ সালের ২৪ জানুয়ারি যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দিয়ে নুর আলম নামে এক যাত্রীকে হত্যায় মদতদাতা আখ্যা দিয়ে যাত্রাবাড়ী থানায় বেগম জিয়ার বিরুদ্ধে ২টি মামলা করা হয়।
ওই বছরই বিভিন্ন সময় দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে আরও ৮টি মামলা হয় তার বিরুদ্ধে।
সারা দেশে করোনা ভাইরাস মহামারির প্রেক্ষিতে গত ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে ৬ মাসের জন্য বিএনপি চেয়ারপারসনের সাজা স্থগিত করা হয়। এরপর থেকে তিনি গুলশানের বাসা ‘ফিরোজাতে’ রয়েছেন।
এদিকে, খালেদা জিয়ার ৬ মাসের সাজার স্থগিতাদেশ শেষ হবে আগামী ২৪ সেপ্টেম্বর।



