প্রাথমিক সমাপনী নিয়ে প্রধানমন্ত্রীকে ৫ প্রস্তাব

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা নিজ নিজ বিদ্যালয়ে নেয়াসহ নিয়ে ৪/৫টি প্রস্তাব পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (১৯ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ প্রস্তাব পাঠানো হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।
সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষাটা বিদ্যালয়ে নেয়ার চিন্তাভাবনা করছি। এর আগে এটা কেন্দ্রভিত্তিক নেয়া হতো। এটা না করে স্ব স্ব বিদ্যালয়ে, যাতে করে জমায়েতটা বেশি না হয়, আমাদের ছেলেমেয়েরা আক্রান্ত না হয়, এরকম চিন্তাভাবনা আমরা করছি।’
নিজ নিজ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা নেয়ার পাশাপাশি বিকল্প প্রস্তাবও প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ‘চার-পাঁচটি প্রস্তাব দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী যেটি অনুমোদন দেন সেভাবেই হবে।।
প্রাথমিক সমাপনী পরীক্ষা নেয়া না গেলে মেধার ভিত্তিতে পঞ্চমের সমাপনী উত্তীর্ণদের যে বৃত্তি দেয়া হয়, তা এবার দেয়া হবে না বলেও জানান জাকির হোসেন। জানান আগের মতোই প্রাথমিকের সব শিক্ষার্থীর জন্য উপবৃত্তি কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রধানমন্ত্রীকে দেয়া প্রস্তাবসমূহের মধ্যে এ বছর প্রাথমিক ও ইবতেয়াদী সমাপনী পরীক্ষা না নেয়ার প্রস্তাবও রয়েছে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
করোনা ভাইরাস মহামারির কারণে টানা ৫ মাস ধরে বন্ধ থাকা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কবে থেকে খোলা হবে- তা ২৫ আগস্টের পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে গত সোমবার সাংবাদিকদের জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।



