কূটনৈতিক স্বীকৃতির দলিল হস্তান্তর করলো দক্ষিণ কোরিয়া

বাংলাদেশকে কূটনৈতিক স্বীকৃতির দলিল হস্তান্তর করেছে দক্ষিণ কোরিয়া।
বৃহস্পতিবার (২০ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে এই দলিল হস্তান্তর করা হয়।
বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৪৯তম বার্ষিকী উপলক্ষে স্বীকৃতির দলিল পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছে হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং কেয়ান।
আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের পর পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত।
বৈঠক শেষে ড. মোমেন বলেন, বাংলাদেশ-দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উৎসব পালন করবো। এ বিষয়ে রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের কিছু দলিলের কপি তারা আমাদের আজ হস্তান্তর করেছে। বাংলাদেশ থেকে দক্ষ লোক কোরিয়াতে নেওয়ার জন্য আমরা অনুরোধ করেছি।
ড. মোমেন আরও বলেন, করোনাকালে দক্ষিণ কোরিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা ঢাকায় আটকে পড়েছেন। আমরা তাদের ফিরিয়ে নেওয়ার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেছি।



