স্পোর্টেইনমেন্ট

কি কারণে তিন সংস্করণের চুক্তিতে থাকছেন সাকিব !

টেস্ট ক্রিকেটে অলরাউন্ডার সাকিব আল হাসানের এত অনিহার পরেও বৃহস্পতিবার (১০ মার্চ) বিসিবির ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে তিন ফরম্যাটেই দেখা যায় তার নাম। বিষয়টি বিতর্কের জন্ম দিলেও শুক্রবার এর কারণ জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

শুক্রবার (১১ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রধান নির্বাচক বলেন, ‘বোর্ড সাকিবকে ৩০ এপ্রিল পর্যন্ত বিশ্রাম দিয়েছে। এরপর থেকে ওকে পাওয়া যাবে। আমাদের কাছে যে তথ্য আছে, তাতে তিন সংস্করণেই ওকে পাওয়া যাবে। খেলোয়াড় হিসেবে অনেক বড় মাপের, বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। সেই হিসেবে ওর কাছ থেকে সেরাটাই আমরা চাই, যখনই ওকে পাব। সেজন্য ওকে তিন সংস্করণেই রাখা হয়েছে, যেহেতু এ বছর আমাদের অনেক খেলা আছে।  এই তালিকা জমা দিয়েছি এক মাস আগে। বোর্ড তার পর অনুমোদন দিয়েছে। ‘

মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘কেউ দু-একটি সিরিজ বিশ্রাম নিলেই যে তিন সংস্করণে রাখা যাবে না, তা তো নয়। প্রথমে কিন্তু ক্রিকেট বোর্ড কথা বলেছে, কে কোন ফরম্যাটে খেলতে চায়। তার পর বিবেচনা করা হয়েছে যে কাকে কোন ফরম্যাটে রাখা যাবে। সাকিব কিন্তু কোনো ফরম্যাট থেকে সরে যায়নি। সাকিব যে মাপের ক্রিকেটার, কোনো ফরম্যাট থেকে নিজে সরে না গেলে বোর্ডের জন্য সরিয়ে দেওয়া কঠিন। ’

Related Articles

Leave a Reply

Back to top button