কর্পোরেট টি-টুয়েন্টি লিগ দিয়ে আবারও ক্রিকেটে ফিরবেন ম্যাশ

আগামী নভেম্বরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত কর্পোরেট টি-টুয়েন্টি লিগ দিয়ে আবারও ক্রিকেটে ফিরবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি বস নাজমুল হাসান পাপন। তিনি বলেন, কর্পোরেট টি-টুয়েন্টি লিগ দিয়ে আবারও ক্রিকেটে ফিরবেন ম্যাশ। যা আগামী নভেম্বরে মাঝামাঝি সময়ে আমরা আয়োজন করবো।
তিনি আরো বলেন, কর্পোরেট লীগের নিয়ম-কানুন এখনো চূড়ান্ত করেনি বিসিবি। তবে তারা স্পষ্ট করেছে, ক্রিকেটকে মাঠে ফেরাতে ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। করোনার কারণে গেল মার্চের মাঝামাঝি সময় থেকে দেশের ক্রিকেট বন্ধ হয়ে যায়।
পাপন জানান, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বৃহত্তর আকারে অনুষ্ঠিত হবে না। এটি বিপিএলের মতো নয়, একটি ছোট বাজেটের টুর্নামেন্ট হবে। তবে আমার মনে হয় না, লিগটি করতে কোনো সমস্যা হবে।



