করোনা সংক্রমণ কমছে, স্বাস্থ্যবিধি না মানলে আবারও বাড়বে শংকা আইইডিসিআর’র

জুন মাস জুড়েই দেশে করোনা সংক্রমণের হার চুড়ায় ছিল। ২৮ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত সময়ে সর্বোচ্চ হারে করোনা সংক্রমণ হয়েছে। তবে মধ্য জুলাইয়ের শেষে এসে তা কমতে দেখা গেছে। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর- এর করোনা সংক্রমণের সপ্তাহ ওয়ারী পরিসংখ্যান বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশে করোনা সংক্রমণ সনাক্তের প্রথম দিন ৮ মার্চ থেকে ১৮ জুলাই পর্যন্ত ১৯ সপ্তাহের সংক্রমণের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এই পরিসংখ্যানটি যাদের করোনা পরীক্ষা করা হয়েছে তার তথ্যের উপর ভিত্তি করে।
আইইডিসিআর- এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এস এম আলমগির নিউজ নাউ বাংলা’কে বলেন , দেশে সংক্রমণ কমতে শুরু করেছে। আমরা সংক্রমণের চুড়া থেকে নামতে শুরু করেছি। যদি সবাই স্বাস্থ্য বিধি সঠিকভাবে মেনে চলতো তাহলে এ মাসের শেষে একটি ভাল অবস্থানে চলে যেতাম। কিন্তু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে মানুষের মধ্যে একটি ঢিলেঢালা ভাব চলে এসেছে। এমনটি চললে সংক্রমণ আবার বাড়তে শুরু করবে বলে শংকা তার ৷
পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে ৮ মার্চ থেকে ১৮ জুলাই পর্যন্ত ১৯ সপ্তাহের মধ্যে সব চেয়ে বেশি সংক্রমণ হয়েছে ১৭ তম সপ্তাহে । এসময় যাদের করোনা পরীক্ষা করা হয়েছে তাদের মধ্যে ১২ দশমিক ৭ শতাংশ পর্যন্ত মানুষের মাঝে করোনার সংক্রমণ হয়েছে।
এ সপ্তাহে করোনা পরীক্ষা হয়েছে ১ লাখ ১ হাজার ৮৭৭ জনের। ১৩ তম সপ্তাহ অর্থাৎ ৩১ মে থেকে ৪ জুলাই পর্যন্ত ক্রমাগতভাবে সংক্রমণ বেড়েছে। যাদের পরীক্ষা করা হয়েছে তাদের মধ্যে ১৩ তম সপ্তাহে ৯ দশমিক ১ শতাংশ ছিল সংক্রণের হার। এ সপ্তাহে ৭৫ হাজার ৩১১ জনের করোনা পরীক্ষা করা হয়। তার পরের সপ্তাহে অর্থাৎ ৭ জুন থেকে থেকে ১৩ জুন পর্যন্ত সংক্রমণের হার ছিল ১০ দশমিক ৬ শতাংশ। ১৫ তম সপ্তাহে তা বেড়ে হয়েছে ১২ দশমিক ১ শতাংশ । এই সপ্তাহে ৯৫ হাজার ১১৪ জনের বরোনা পরীক্ষা হয়েছে। ২১ জুন থেকে ২৭ জুন পর্যন্ত ১৬ তম সপ্তাহে ১২ দশমিক ৫ শতাংশ। এসময়ে ৯৯ হাজার ৯শ ৩৯ জনের করোনা পরীক্ষা হয়েছে। আর সর্বোচ্চ হয়েছে ১৭ তম সপ্তাহে ১২ দশমিক ৭ শতাংশ ১৮ তম সপ্তাহে অথাৎ ৫ জুলাই থেকে এই সংক্রমণের হারটি কমতে দেখা গেছে। ৫ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত সময়কালে সংক্রমণের হার ১২ দশমিক ৭ শতাংশ থেকে ১০ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে। তবে এসময়ে আগের সপ্তাহ থেকে পরীক্ষাও কমেছে। ১৮ তম সপ্তাহে করোনা পরীক্ষা হয়েছে ৮৩ হাজার ৪০৩ জনের আর ১১ জুলাই থেকে ১৮ জুলাই পর্যন্ত ১৯ তম সপ্তাহে এর হার ১০ দশমিক ৪ শতাংশে নেমেছে। ১৯ তম সপ্তাহে করোনা পরীক্ষা হয়েছে ৭৭ হাজার ২শ ৮৩ জনের।
করোনা পরীক্ষা কমে যাবার কারণে সংক্রমণ কমেছে কি না এমন প্রশ্নের জবাবে ড. আলমগীর বলেন, এখনকার চিত্রটিই সঠিক। এখন কারো করোনা সংক্রমণের লক্ষণ থাকলেই পরীক্ষা করা হচ্ছে, আগে লক্ষণ বা উপসর্গ ছাড়াও মানুষ পরীক্ষা করাতো । আগে করোনা পরীক্ষায় কোন ফি দিতে হতো না। এখন ফি যুক্ত হবার কারণেও অনেকে রোগের লক্ষণ না থাকলে পরীক্ষা করছেন না।
শামীমা দোলা
নিউজ নাউ বাংলা
(তথ্য সহায়তা : ড. মো. হাসিনুর রহমান খান সহযোগী অধ্যাপক, ফলিত পরিসংখ্যান, আইএসআরটি, ঢাকা বিশ্ববিদ্যালয়)



