বাংলাদেশ

করোনা পরিস্থিতি বিবেচনায় খুলবে না যমুনা ও বসুন্ধরা মার্কেট

মহামারি করোনা ভাইরাসের বিস্তাররোধ না হলে রমজান মাসে রাজধানীর অন্যতম দুই মার্কেট খুলবে না বলে ঘোষণা দিয়েছে। একটি যমুনা ফিউচার পার্ক আরেকটি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স।

এ সিদ্ধান্তের বিষয়ে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর (অ্যাকাউন্ট) শেখ আব্দুল আলিম বলেন, আগামী ১০ মে থেকে দোকান ও শপিংমল খুলে দেয়ার ঘোষণা দিয়েছে সরকার। বিষয়টি নিয়ে বসুন্ধরা সিটির ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, চলমান এ পরিস্থিতির উন্নতি না হলে আমরা শপিংমল খুলব না। তিনি আরও বলেন, প্রতিদিন উদ্বেগজনক হারে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। সঙ্গে মৃত্যুও হচ্ছে। এ অবস্থায় আমাদের বেশিরভাগ ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠান না খোলার পক্ষে।

এদিকে, বুধবার (৬ মে) যমুনা গ্রুপের পরিচালক ডক্টর মোহম্মদ আলমগীর আলম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সর্বোচ্চ সুরক্ষা প্রস্তুতি সত্ত্বেও করোনা মহামারি সর্বোচ্চ পর্যায়ে যাওয়ায় হাজারও মানুষের সংক্রমণ ও মৃত্যুঝুঁকি এড়াতে যমুনা ফিউচার পার্ক আপাতত খুলছে না। বাঁচতে হলে সবাইকেই অবশ্যই বাসায় অবস্থান করতে হবে। না হলে মৃত্যুঝুঁকি বাড়বেই।

এর আগে সোমবার (৪ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো চিঠি দিয়ে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দোকান ও শপিংমল আগামী ১০ মে থেকে চালুর কথা জানায় মন্ত্রিপরিষদ বিভাগ। তবে তা বিকেল ৪টার মধ্যে বন্ধ করতে হবে বলে বলা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button