করোনায় মৃত্যু-শনাক্তসহ সব সূচকই ঊর্ধ্বমুখী

করোনার নমুনা পরীক্ষা, শনাক্ত, সুস্থ ও মৃত্যুসহ সব সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এ সপ্তাহে।
এপিডেমিওলজিক্যাল ৫১তম সপ্তাহের তুলনায় ৫২তম সপ্তাহে নমুনা পরীক্ষা ৪ দশমিক ৬ শতাংশ, শনাক্ত ৪৮ দশমিক ১, সুস্থতা ১৪ দশমিক ৮ এবং মৃত্যু ৪১ দশমিক ৭ শতাংশ বেড়েছে।
সোমবার (৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এপিডেমিওলজিক্যাল ৫১তম সপ্তাহে (২০-২৬ ডিসেম্বর) ১ লাখ ২৬ হাজার ৯৫১টি নমুনা পরীক্ষায় ২ হাজার ১৭০ জন রোগী শনাক্ত হয়। এ সময় ১ হাজার ৮৫৬ জন করোনা রোগী সুস্থ হন এবং ১২ জনের মৃত্যু হয়।
৫২তম সপ্তাহে (২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি) ১ লাখ ৩২ হাজার ৮০৭টি নমুনা পরীক্ষায় ৩ হাজার ২১৩ জন রোগী শনাক্ত হয়েছে। এ সময়ে ২ হাজার ১৩০ জন করোনা রোগী সুস্থ এবং ১৭ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৬৭৪ জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮৭ হাজার ১৪০ জনে।
একই সময়ে করোনায় চারজনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৮১ জনে।



