বাংলাদেশ

করোনায় জেলা জজের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিচারক ফেরদৌস আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন মন্ত্রী।  প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও  বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়েছে।

ফেরদৌস আহমেদ লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) ছিলেন। দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা যাওয়া প্রথম বিচারক তিনি।

বুধবার রাত আটটায় ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সুপ্রীমকোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

করোনায় আক্রান্ত ফেরদৌস আহমেদ চার দিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জামালপুর শহরে মরহুমের জানাজা ও পরে সেখানেই তার দাফন হবে।

১৯৮৪ সালে বিচার বিভাগে মুন্সেফ হিসেবে (সহকারী জজ) হিসেবে যোগদান করেন ফেরদৌস আহমেদ।

Related Articles

Leave a Reply

Back to top button