করোনায় ক্ষতিগ্রস্ত প্রকল্প দ্রুত শেষ করার তাগিদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, করোনা মহামারির কারণে ক্ষতিগ্রস্ত যেসব প্রকল্পের কাজ শেষ হয়নি, সেসব অগ্রাধিকারভিত্তিতে শেষ করার তাগিদ দিয়েছেন।
মঙ্গলবার (১৮ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এমন নির্দেশনা দিয়েছেন এনইসির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
পরিকল্পনামন্ত্রী জানান, প্রধানমন্ত্রী বলেছেন, করোনা ভাইরাসের কারণে আমরা অনেক প্রকল্পের কাজ শেষ করতে পারিনি। এগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শেষ করতে হবে। তার মধ্যে যেগুলো সরাসরি জনগণের কল্যাণের সঙ্গে সম্পৃক্ত, সেগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। সেসঙ্গে গবেষণার জন্য আলাদা বরাদ্দ রাখার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান আরো জানান, এনইসি সভায় আগামী অর্থবছরের (২০২১-২০২২) জন্য ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি ১৪ লাখ টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে ১ লাখ ৩৭ হাজার ২৯৯ কোটি ৯১ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ৮৮ হাজার ২৪ কোটি ২৩ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।



