বিশ্ব

করোনার উৎস জানতে আবারো বিশেষজ্ঞ দল গঠন

করোনাভাইরাসের উৎপত্তিস্থল সম্পর্কে জানতে এবং ভবিষ্যতে মারাত্মক সংক্রামক রোগজীবাণুর প্রাদুর্ভাব মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এজন্য বৈশ্বিক স্বাস্থ্যের তদারককারী সংস্থাটি নতুন একটি বিশেষজ্ঞ দল গঠন করেছে।

আর এটিই করোনার উৎস সম্পর্কে জানার শেষ সুযোগ হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

দ্য সায়েন্টিফিক অ্যাডভাইজরি গ্রুপ অন দ্য অরিজিনস অব নভেল প্যাথোজেনস (সাগো) নামে এই বিশেষজ্ঞ দলটি গঠন করা হয়েছে। এতে যুক্ত হওয়ার জন্য ২৬ জনকে মনোনীত করেছে ডব্লিউএইচও। এর মধ্যে করোনার উৎপত্তি সম্পর্কে জানতে চীন ভ্রমণ করা আগের একটি বিশেষজ্ঞ দলের ছয় জন রয়েছেন।

চীনের উহান শহরে ২০১৯ সালে করোনাভাইরাস শনাক্ত করা হয়। তবে এখনও স্পষ্ট নয় যে কীভাবে ভাইরাসটি ছড়িয়েছে। উহানের বাজারে প্রাণীর মাধ্যমে নাকি কোনো ল্যাব থেকে ভাইরাসটি মানুষের মধ্যে ছড়িয়েছে, তা অনুসন্ধানের জন্য বিবেচনায় রাখবে বিশেষজ্ঞ দলটি।

এর আগে গত জানুয়ারিতে ডব্লিউএইচও গঠিত একটি বিশেষজ্ঞ দল করোনার উৎপত্তিস্থল সম্পর্কে তদন্তের জন্য চীনে যায়।

পরে তাদের পক্ষ থেকে জানানো হয়, সম্ভবত ভাইরাসটি বাদুড়ের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে করোনার উৎপত্তি সম্পর্কে নিশ্চিত হতে আরও কাজ করা দরকার বলে জানায় বিশেষজ্ঞ দলটি।

Related Articles

Leave a Reply

Back to top button