স্বাস্থ্যের কর্মকর্তারা চেয়ারে বসতেই উঠে গেলেন সাংবাদিকরা

স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডাকা সংবাদ সম্মেলন, দৈনিক প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলামকে হেনস্তা করে গ্রেফতারের প্রতিবাদে, বয়কট করেছেন সাংবাদিকরা।
আজ মঙ্গলবার (১৮ মে) বেলা ১১টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাংবাদিক রোজিনা ইসলামের বিষয়ে, তিন জন অতিরিক্ত সচিব ব্রিফিং করতে আসলে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সাধারণ সম্পাদক শামীম আহমেদ বয়কোটের এ ঘোষণা দেন।
তিনি বলেন, গতকাল রোজিনা ইসলামের বিষয়ে কথা বলতে এবং ঘটনা জানতে আমরা দীর্ঘ সময় স্বাস্থ্য সচিবের রুমের সামনে অপেক্ষা করেছি, তিনি দেখা করেননি। তিনি আমাদের বারবার অপমান করেছেন। আজকের এই ব্রিফিং আমরা বয়কট করছি।
তার এই ঘোষণার পর সব সাংবাদিক স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্রিফিং বয়কট করে বেরিয়ে যান। এ সময় বিএসআরএফের অর্থ সম্পাদক মাসউদুল হক ও কার্যনির্বাহী সদস্য মোরসালীন বাবলা উপস্থিত ছিলেন।
এর আগে আজ সকালে বাংলাদেশ বিএসআরএফের সাধারণ সম্পাদক শামীম আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ব্রিফিং বয়কটের সিদ্ধান্তের কথা জানানো হয়।



