বাংলাদেশ

কঠোর বিধিনিষেধে সীমিত পরিসরে চলবে হাইকোর্ট

করোনাভাইরাসজনিত সংক্রমণ রোধের লক্ষ্যে চলমান কঠোর লকডাউনের সময় হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম আগামী ৫ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে চলবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

শুক্রবার সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় চলমান লকাডাউনে হাইকোর্ট বিভাগে রিট ও দেওয়ানি, ফৌজদারি এবং কোম্পানি ও অ্যাডমিরালটি সংক্রান্ত একটি করে মোট তিনটি বেঞ্চ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

হাইকোর্ট বিভাগের তিনজন বিচারপতি তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে অতি জরুরি বিষয়ে শুনানি করবেন এবং অন্তবর্তীকালীন আদেশ প্রদান করবেন।

সভায় সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীদের ৩১ জুলাইয়ের মধ্যে করোনাভাইরাসের টিকা গ্রহণ শেষ করতে হবে বলে সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়। এ ছাড়া আগামী ৫ আগস্ট অনুষ্ঠেয় ফুল কোর্ট সভায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button