বাংলাদেশ

এস কে সিনহার ভাই-ভাতিজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ (এস কে সিনহা) ১১ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সিনহার ভাই ও ভাতিজাকে গ্রেফতারের পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) চার কোটি টাকা স্থানান্তর ও আত্মসাতের মামলায় সমন পেয়েও সাক্ষ্য দিতে না আসায় আদালত এ দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। পরোয়ানা জারি হওয়া দুইজন হলেন-এসকে সিনহার ভাই নরেন্দ্র কুমার সিনহা ও ভাতিজা শঙ্খজিৎ সিনহা।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এই আদেশ দেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) কৌঁসলী মীর আহমেদ আলী সালাম এই তথ্য নিশ্চিত করেছেন।

এই মামলায় মোট ১৮ সাক্ষীর ১৪ জন আদালতে জবানবন্দি দেন। মঙ্গলবার সাক্ষ্য দিয়েছেন পদ্মা ব্যাংকের কর্মকর্তা এম আতিফ খালেদ। এই মামলার মোট আসামি ১১ জন। এর মধ্যে কারাগারে থাকা আসামি মাহবুবুল হক চিশতি ওরফে বাবুল চিশতিকে এদিন আদালতে হাজির করা হয়।

এই মামলায় এসকে সিনহাসহ মোট ৪ আসামি এখন পলাতক। তারা হলেন- ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সফিউদ্দিন আসকারী আহমেদ, সাভারের শ্রীমতি সান্ত্রী রায় (সিমি) ও রণজিৎ চন্দ্র সাহা।

এর আগে ২০১৯ সালের ১০ জুলাই ক্ষমতার অপব্যবহার করে ভুয়া ঋণের মাধ্যমে চার কোটি টাকা স্থানান্তর ও আত্মসাৎ করার অভিযোগ মামলাটি করে দুদক। গত ৪ ডিসেম্বর এই মামলায় অভিযোগপত্র অনুমোদন দেয় সংস্থাটি।

Related Articles

Leave a Reply

Back to top button