‘রোমান্টিক গ্রুপে’র ৮ সদস্য আটক

তরুণদের গ্যাং ‘রোমান্টিক গ্রুপে’র আট সদস্যকে দেশি অস্ত্রসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। রাজধানীর পল্লবী থানা এলাকা থেকে আটক করা হয় তাদের।
আটক ব্যক্তিরা হলেন- দেলোয়ার হোসেন ওরফে পল্টু (৩৫), কাউসার হোসেন (১৮), নিয়াজ মাহমুদ জুবায়ের (১৮), আসিফ নহোসেন (১৮), আরিফ (১৮), মেহেদী হাসান (১৮), সুজন শেখ (১৯) ও শাহরিয়ার সজীব (১৮)।
বৃহস্পতিবার (১৭ জুন) রাতে র্যাব-২ এর এএসপি মো. ফজলুল হক গণমাধ্যমকে জানান, বুধবার দিনগত রাত সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর পল্লবী থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালায় র্যাব-২। অভিযানে ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধে জড়িত তরুণ গ্যাংয়ের আট সদস্যকে আটক করে। এসময় তাদের কাছ থেকে সাতটি ছুরি, একটি খুর, ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়।
তিনি জানান, আসামিরা সংঘবদ্ধভাবে বিভিন্ন দলে ভাগ হয়ে ডাকাতি, ছিনতাই, মাদক সেবন, ইভটিজিং, চাঁদাবাজিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িত।
আসামিদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।



