বাংলাদেশ

এবার শাবি উপাচার্যের বাসভবন ঘেরাও

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা এবার, উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বাসভবন ঘেরাও করে রেখেছেন।

রোববার (২৩ জানুয়ারি) বিকেলে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।

এ সময় তারা ঘোষণা দেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া উপাচার্যের বাসভবনের ভেতরে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না।

বাসভবন ঘেরাও কর্মসূচি শুরু করার পর আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, তাতে আমাদের বাধ্য করা হচ্ছে আরও কঠোর কর্মসূচির দিকে যেতে।

তারা আরও বলেন, ভবিষ্যতে তারা বাসভবনের জরুরি পরিষেবা বন্ধ করতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। তবে এখন ওই ভবনের জরুরি পরিষেবা চালু থাকবে।

এদিকে শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচির ১০০ ঘণ্টা পূর্ণ হয়েছে আজ সন্ধ্যায়। এরই মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আন্দোলনরত ১৬ জন শিক্ষার্থী। অনশনের ১০০ ঘণ্টা পূর্ণ হওয়া উপলক্ষে ক্যাম্পাসে প্রতিবাদী মিছিল করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

গত ১৩ জানুয়ারি থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। পরে উপাচার্যের পদত্যাগের দাবিও সামনে আসে আন্দোলনে।

Related Articles

Leave a Reply

Back to top button