বিশ্ব

এবার করোনা চিকিৎসায় প্লাজমা ব্যবহার করবে যুক্তরাজ্য

করোনা ভাইরাস (কোভিড-১৯) চিকিৎসায় এবার প্লাজমা ব্যবহার করবে যুক্তরাজ্য। এ প্রক্রিয়ায় করোনা থেকে সুস্থ ব্যক্তিদের প্লাজমা, নতুন আক্রান্ত রোগীদের চিকিৎসায় ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করবে দেশটি । শিগগিরই প্রায় পাঁচ হাজার সংকটাপন্ন করোনা রোগীর শরীরে এই প্লাজমা দেয়া হবে। খবর রয়টার্স

আজ শনিবার (২৫ এপ্রিল) যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত যেসব রোগীর শরীরে অ্যান্টিবডি তৈরি হচ্ছে না, তাদের করোনামুক্ত ব্যক্তিদের শরীর থেকে নিয়ে প্লাজমা দেয়া হবে। প্লাজমা পদ্ধতিটি ২০০২-০৪ সালে সার্স (সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম) মহামারির সময় কার্যকরভাবে ব্যবহৃত হয়েছিল।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, এই পদ্ধতি করোনার চিকিৎসায় বড় মাইলফলক হয়ে থাকবে।’

যুক্তরাজ্য সরকার করোনার চিকিৎসায় প্লাজমার পরীক্ষামূলক ব্যবহার শুরুর পাশাপাশি এটি সংগ্রহের পরিমাণও বাড়াচ্ছে, যাতে অচিরেই বিপুল সংখ্যক রোগীদের এই চিকিৎসা দেয়া যায়। এপ্রিল-মে মাসেই প্রতি সপ্তাহে ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) কাছে ১০ হাজার ইউনিট প্লাজমা সরবরাহ করা হতে পারে, যা থেকে অন্তত সপ্তাহে পাঁচ হাজার রোগীর চিকিৎসা সম্ভব।

সাধারণত কোনও ব্যক্তি থেকে রক্ত নিয়ে সেটি যন্ত্রের মাধ্যমে প্লাজমা আলাদা করা হয়। একেকজনের কাছ থেকে দুই ইউনিট করে প্লাজমা পাওয়া যায়। এসব প্লাজমা শীতল জায়গায় সংরক্ষণ করে পরেও ব্যবহার করা যায়।

Related Articles

Leave a Reply

Back to top button