বাংলাদেশ

এনু-রুপনের জামিন নিয়ে রায় বুধবার

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ক্যাসিনোকাণ্ডের অন্যতম হোতা গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সহ-সভাপতি এনামুল হক এনু ও যুগ্ম সম্পাদক রুপন ভূঁইয়ার জামিন প্রশ্নে রুলের ওপর বুধবার (২১ অক্টোবর) রায় ঘোষণা করবেন হাইকোর্ট।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেবেন।

এর আগে মঙ্গলবার তাদের জামিন প্রশ্নে জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়েছে।

এনু-রুপনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

গত ১৫ সেপ্টেম্বর তাদেরকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে দুই সপ্তাহের রুল জারি করেছেন হাইকোর্ট।

গত ১৫ জুন আলাদা মামলায় এ দুই ভাইয়ের জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ। এরপর তারা হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।

গত বছর ২৪ সেপ্টেম্বর দুই ভাই এনু-রুপনের বাড়িতে অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে টাকা ও গহনা জব্দ করার পর ওয়ান্ডারার্স ক্লাবের কর্মচারী আবুল কালাম ও এনুর বন্ধু হারুন অর রশিদের বাসায় অভিযান চালানো হয়। ওই অভিযানে ৫ কোটি ৫ লাখ টাকা, ৮ কেজি স্বর্ণালঙ্কার ও ৬টি আগ্নেয়াস্ত্র জব্দ করে র‌্যাব।

Related Articles

Leave a Reply

Back to top button