অপরাজনীতির অন্ধকার গিরিখাদে দিকভ্রান্ত বিএনপি: কাদের

নির্বাচন ও আন্দোলনে জণগণের থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপির নেতারা অপরাজনীতির অন্ধকার গিরিখাদে দিকভ্রান্ত পথহারা পথিকের মতো প্রলাপ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার (২৪ জুলাই) ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত বন্যাকবলিত জেলাসমূহে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নিজেদের দুর্বলতা ঢাকার নামে সরকারের বিরুদ্ধে বিষোদগার ও চাতুর্যপূর্ণ কথামালা ব্যবহার করে প্রেস ব্রিফিং নির্ভর গলাবাজির রাজনীতি করছে।’
তিনি বলেন, ‘গলাবাজির দিন শেষ, ডিজিটাল বাংলাদেশে জনগণ এখন অনেক সচেতন। জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল। জনগণ জানে, বৈশ্বিক মহামারি ও দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা ও পরবর্তী অর্থনৈতিক গতিশীলতা পুনরুদ্ধারে শেখ হাসিনার কোনও বিকল্প নেই।’
ওবায়দুল কাদের বলেন, ‘করোনার এই সংকটে মানুষের জীবন-জীবিকা সচল রাখতে খাদ্যের অভাবে মানুষের যাতে কষ্ট না হয় সেজন্য প্রধানমন্ত্রী একের পর এক জনকল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করে চলেছেন।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্যোগ মোকাবিলায় অতীতের যে কোনও সময়ের চেয়ে বাংলাদেশ এখন অনেক শক্তিশালী।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, বিদেশগামী নাগরিকদের জন্য নমুনা পরীক্ষা করে করোনার সনদ গ্রহন বাধ্যতামূলক, এজন্য সরকার সুনির্দিষ্ট করে দিয়েছে নমুনা পরীক্ষার কেন্দ্র। এক্ষেত্রে ৭২ ঘণ্টা আগে নমুনা সংগ্রহ করা হচ্ছে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকুক আর না থাকুক দেশের যে কোনও সংকট ও দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকে। আর এটাই আওয়ামী লীগের ঐতিহ্য।’
সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ডক্টর আবদুর রাজ্জাক বলেন, ‘দেশের এই সংকটে বিএনপি কোনও কার্যক্রমে নেই। তারা প্রেস ব্রিফিং করা ছাড়া আর কিছুতেই নেই।’
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ ও উপ-দফতর সম্পাদক সায়েম খান।



